জেড নিউজ ডেস্ক :
দীর্ঘদিন ধরেই নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি বিদ্যা সিনহা মিম। অথচ করোনা মহামারির পর তার ‘পরাণ’ মুক্তির পর দারুণ সফলতা তুলে নিয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন, একের পর এক কাজে হয়তো যুক্ত হবেন মিম। তবে সেক্ষেত্রে বুঝেশুনেই পথ চলছেন তিনি। বেশ কয়েকটি সিনেমা নিয়ে তার ফেরার কথা থাকলেও সেটি হয়নি। মিম নিজেও চাননি যেনতেনভাবে পর্দায় ফিরতে।
সে কারণেই সময় নিয়েছেন। ধৈর্য ধরেছেন। নিজেকে প্রস্তুত করেছেন নতুন কিছুর জন্য। আর এখন তিনি তৈরি তার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে। সাইফ চন্দন পরিচালিত এ ছবিতে মিম অভিনয় করেছেন আরিফিন শুভ’র বিপরীতে। এরইমধ্যে শুটিং ও ডাবিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে অনেকটাই চুপ মিম, শুভ, পরিচালকসহ সবাই। কারণ শুটিং শেষ করে সেন্সর নিয়েই ‘মালিক’ টিমের প্রচারণায় নামার পরিকল্পনা। এদিকে, ঈদের আর বাকি মাত্র ১০ দিন। এ সময় সেন্সর নিয়ে প্রচারণায় খুব বেশি সময় পাওয়া যাবে না।
যে কারণে পিছিয়ে যেতে পারে ছবি মুক্তির তারিখও। আবার চমকে দিয়ে ঈদে চলেও আসতে পারে ছবিটি। বিদ্যা সিনহা মিম বলেন, অনেকদিন পর আমি বড় পর্দায় ফিরছি। ‘মালিক’র মতো একটি ছবির মাধ্যমে ফেরায় আমি খুশি। কারণ এটি একটি প্রপার বাণিজ্যিক ঘরানার সিনেমা। যেখানে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। আমার বিশ্বাস, কাজটি দর্শকদের ভালো লাগবে।



