জেড নিউজ, ডেস্ক।
দক্ষিণি তারকা জুটি বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানার বাগ্দানের গুঞ্জন ছড়িয়েছে বহুবার। তবে এবার তাঁরা নাকি সত্যি সত্যি বাগ্দান সেরেছেন।
দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগ্দানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁরা বিয়ে করবেন।
তবে রাশমিকা ও বিজয় এখনই তাঁদের বাগ্দান বা বিয়ের ঘোষণা দিতে চান না। সূত্র বলছে, তাঁরা ব্যক্তিগত সময়টিকে আলোচনার বাইরে রাখতে চান, তাই কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
সাম্প্রতি সামাজিক মাধ্যমে রাশমিকার করা পোস্ট আরও জল্পনা বাড়িয়েছে। তিনি সেখানে শাড়ি পরে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছিলেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেক ভক্তই ধারণা করছেন, ছবিগুলো তাঁর বাগ্দানের অনুষ্ঠানের পোশাকেই তোলা।





