spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

জেড নিউজ ডেস্ক :   

নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ চুক্তি নবায়ন করা হয়েছে।

মেটলাইফের আর্থিক সক্ষমতা, উন্নত সেবা ও বীমা সুবিধা প্রদানে আস্থার ধারাবাহিকতার ভিত্তিতে এই চুক্তি নবায়ন করা হয়। এর ফলে মেটলাইফ এর বীমা সুরক্ষার আওতায় থাকবেন ব্র্যাক ব্যাংকের ২৭,৫০০ এর বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এই চুক্তির ফলে চিকিৎসা, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতা ও জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষা পাবেন কর্মীরা।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, এবং প্রয়োজন অনুসারে বীমা সুরক্ষা প্রদানের সক্ষমতার কারণে কর্মীদের বীমা সেবা প্রদানে মেটলাইফকে নির্বাচন করেছে ব্র্যাক ব্যাংক। বীমা দাবি নিষ্পত্তিতে শীর্ষস্থান ধরে রেখে মেটলাইফ ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে।

ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “কর্মীরা আমাদের প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি এবং তাদের কল্যাণ নিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই সার্বিক বীমা সুবিধার ফলে কর্মীরা নিরাপদ পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজ দায়িত্ব ও লক্ষ্য অর্জনে মনোযোগ দিতে পারেন। মেটলাইফের ধারাবাহিক সেবার মান ও নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষার ওপর আমাদের পূর্ণ আস্থারই বহিঃপ্রকাশ এই চুক্তি।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ বলেন, “কর্মীদের কল্যাণে ব্র্যাক ব্যাংকের এই ধারাবাহিক উদ্যোগ কর্মীদের একটি সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করে এবং তাদের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত রাখে। টানা তৃতীয় মেয়াদে ব্র্যাক ব্যাংকের কর্মী ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষায় পাশে থাকতে পেরে আমরা গর্বিত।”

২০০১ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে এসএমই, করপোরেট ও রিটেইল গ্রাহকদের সমন্বিত ব্যাংকিং সেবা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক।

১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে মেটলাইফ। বর্তমানে প্রতিষ্ঠানটি সারা দেশে ১০ লক্ষেরও বেশি ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহককে সেবা প্রদান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়