spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে, থাকছে চমকপ্রদ সব আয়োজন

জেড নিউজ ডেস্ক :

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতিবারই ভিন্ন আয়োজন ও নতুনত্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হয়। ইতিহাস, ঐতিহ্য কিংবা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ দেশের বিভিন্ন স্থানকে ঘিরে নির্মিত হয় অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। এবার ‘ইত্যাদি’র নতুন পর্ব নির্মিত হয়েছে নদীঘেরা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে কেন্দ্র করে।

লক্ষ্মীপুর জেলা সদরের ঐতিহ্যবাহী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে ধারণ করা হয়েছে এবারের পর্ব। অনুষ্ঠান ঘিরে জেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

এবারের আয়োজনে তুলে ধরা হবে লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার মানুষের জীবনসংগ্রামের নানা দিক। থাকছে দুটি বিশেষ গানও। এর একটি গেয়েছেন লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন আকাশ মাহমুদ।

এছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি পরিচিতিমূলক নৃত্যগীতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

অনুষ্ঠানের দর্শকপর্বেও থাকছে ভিন্নতা। লক্ষ্মীপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী এবং লক্ষ্মীপুরের কৃতী সন্তান নিশাত মজুমদারের সাক্ষাৎকার। পাশাপাশি প্রচারিত হবে লক্ষ্মীপুরের ইতিহাস, পর্যটন, সয়াবিন চাষ, একটি অনুপ্রেরণাদায়ী প্রাথমিক বিদ্যালয় এবং নদীভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া এক মাঝির জীবনসংগ্রাম নিয়ে একাধিক তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন।

বিদেশি পর্বে দর্শকদের নিয়ে যাওয়া হবে বিশ্বের দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং উপকূলীয় সড়ক ‘গ্রেট ওশান রোড’-এ। এছাড়া নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকছে ‘কাশেম টিভি’র নতুন পর্ব, দর্শকদের চিঠিপত্র এবং সমসাময়িক নানা সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

গণমানুষের প্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি আগামী ৩০ জুলাই শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। বরাবরের মতো অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়