spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এনসিপির জুলাই পদযাত্রার লক্ষ্য স্থানীয় নির্বাচন

জেড নিউজ, ঢাকা:

এনসিপির জুলাই পদযাত্রার প্রধান লক্ষ্য আগামী স্থানীয় নির্বাচন। ৫৮ জেলার যে ১০০ উপজেলা এবং পৌরসভায় দলটির সমর্থিত প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় আজ সোমবার থেকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে যাবেন দলটির নেতারা। পথে পথে সভা ও সমাবেশ করবেন। প্রার্থী না থাকায় গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, সুনামগঞ্জ ও রাঙামাটি যাবে না এনসিপির পদযাত্রা।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা করার কথা জানিয়েছে এনসিপি।  দলটির নেতারা বলছেন, প্রধান লক্ষ্য স্থানীয় নির্বাচন।

গাজীপুরে কালীগঞ্জে আজ বিকেলে সমাবেশের মাধ্যমে শুরু হবে এনসিপির উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা। সমাবেশে থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল এই দুই ভাগে পদযাত্রা। দক্ষিণের পদযাত্রা আগামীকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের উখিয়া থেকে শুরু হবে।

জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতাদের গড়া দল এনসিপি গত বছরের ফেব্রুয়ারিতে গঠিত হয়। এর চার মাসের মাথায় জুলাইয়ে মাসব্যাপী পদযাত্রা করে এনসিপি। খোলা ট্রাক, পিকআপে করে দলটির নেতারা ৬৪ জেলায় যান। গত বছরের ১৬ জুলাই এনসিপির বহর গোপালগঞ্জে গেলে, তা প্রতিরোধের ঘোষণা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এনসিপির নেতারা এরপরও সমাবেশ করতে গেলে, তাতে হামলা হয়।

এবার গোপালগঞ্জ না যাওয়ার বিষয়ে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, যেসব এলাকায় এনসিপি সমর্থিত উপজেলা ও পৌরসভার প্রার্থী নেই, সেখানে যাওয়া হচ্ছে না। শুধু গোপালগঞ্জ নয়, ছয়টি জেলায় যাবে না পদযাত্রা। পদযাত্রায় এনসিপির ঘোষিত গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি কি স্থানীয় নির্বাচনে গুরুত্ব পাচ্ছে- এমন প্রশ্নে কুমিল্লা-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, এই তিনটি দাবি নিয়ে ওইসব এলাকার মানুষের কাছে যাব, যেখানে আগামী স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী থাকবে। দাবি আদায় ও নির্বাচন দুটিই গুরুত্বপূর্ণ।

এনসিপি ইতোমধ্যে ১০০ উপজেলা ও পৌরসভায় দল সমর্থিত প্রার্থী ঘোষণা করেছে। এ ছাড়া ঢাকার দুই সিটিসহ ছয় সিটিতেও মেয়র পদে ঘোষণা করা হয়েছে দল সমর্থিত প্রার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়