জেড নিউজ ডেস্ক :
চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান মানুষের মতো দেখতে নতুন মানুষসদৃশ রোবট উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত এ রোবটকে একাকীত্ব কমাতে এবং মানুষের মানসিক সঙ্গী হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। চীনের শেনজেনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ মানুষসদৃশ রোবট উন্মোচন করে প্রতিষ্ঠানটি। তারা জানায়, এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ মানুষসদৃশ রোবট, যা ব্যাপকভাবে উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে। নতুন এ রোবটের তিনটি সংস্করণ বাজারে আনা হয়েছে। উদ্বোধনের দিনেই এর ১৩ হাজার ৩৬১টির বেশি অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রথমে বিপজ্জনক ও কঠিন কাজ করবে রোবট। এরপর ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনে সঙ্গী ও সহকারী হিসেবে কাজ করবে। ভবিষ্যতে মানুষ ও রোবটের মধ্যে আরো স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য। রোবটটিতে মানুষের মতো নরম কৃত্রিম চামড়া, বাস্তবসম্মত মুখের অভিব্যক্তি এবং শান্ত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। এটি মানুষের বিভিন্ন আবেগ বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে সক্ষম। প্রতিষ্ঠানটির দাবি, রোবটটি ২০টির বেশি ধরনের আবেগ শনাক্ত করতে পারে এবং এ ক্ষেত্রে এর নির্ভুলতা ৯০ শতাংশেরও বেশি। পাশাপাশি মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদি কথোপকথন মনে রাখতে পারে এবং আগের তথ্য ব্যবহার করে স্বাভাবিকভাবে কথা বলতে পারে। সূত্র : এএফপি।




