জেড নিউজ, ঢাকা:
আগামী দুই বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের দিকে। চট্টগ্রামে করিডর হবে, চায়নিজ ইকোনমিক হাব হবে, বিমানবন্দরে কার্গো হাব হচ্ছে, লজিস্টিক হাব করা হচ্ছে—সব মিলিয়ে বাজেটে তার প্রতিফলন ঘটেছে।
আজ শনিবার চট্টগ্রাম সফরে এসে সকালে বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, বিশ্বের আগামী দিনের বিনিয়োগের মূল গন্তব্য হবে বাংলাদেশ। এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য সরকার কাজ করছে এবং দেশ সেই দিকে এগিয়ে যাবে।
এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে স্থাপিত ৫০ শয্যার বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কেবল অর্থ বরাদ্দ বা অবকাঠামো উন্নয়নই এখানে যথেষ্ট নয়। স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নের জন্য আপনাদের ইনস্টিটিউট এবং সেবা খাতে আপনারা যাঁরা প্রফেশনাল ও ফ্যাকাল্টি আছেন, সবাইকে পুনরায় চিন্তা করতে হবে। পুরো প্রক্রিয়াটি একদম রিসেট করতে হবে।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা ছাড়া শুধু সরকারের বিনিয়োগের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না, পরিবর্তনের জন্য আপনাদের ভেতরে গুণগত মানেরও পরিবর্তন আনতে হবে।’



