জেড নিউজ , ডেস্ক :
সমালোচনার মুখে কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে সাজানো ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। তবে অ্যালবামের প্রকাশিত কয়েকটি গানের নতুন সংগীতায়োজন নিয়ে শুরু থেকেই শ্রোতা-ভক্তদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শেষ পর্যন্ত বাচ্চুভক্তদের আপত্তির মুখে অ্যালবামটির নতুন গান প্রকাশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।
গত রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত সব অংশীজনের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, ইতিমধ্যে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত চারটি গান প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি অপ্রকাশিত ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না।
এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) সবার কাছে একটা আবেগের ব্যাপার। তাঁর কালজয়ী সৃষ্টির এভাবে অবমূল্যায়ন হতে পারে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। শিগগিরই বসের পরিবারের সবার সঙ্গে কথা বলে তাঁদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল করা হবে। তারপর গানগুলো তাঁরা সবাই ঠিকঠাক মনে করলে তখন প্রকাশ করা হবে।’
আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারও প্রকল্পটি আপাতত স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।
তাদের ভাষ্য, আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তাঁরা গানগুলো নতুন করে পরিবেশন করেছেন। এর মাধ্যমে তাঁদের ব্যক্তিগতভাবে কোনো অর্থনৈতিক লাভের উদ্দেশ্য ছিল না।
তাদের মতে, গান ভালো না লাগলে সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে আইয়ুব বাচ্চুর গান অন্য কেউ গাইতে পারবেন না—এমন মানসিকতাকে তাঁরা উগ্রবাদী আচরণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ‘উত্তরাধিকার’ প্রকল্পের সাতটি গান এরই মধ্যে শ্রোতাদের সামনে এসেছে। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয় আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রুপালি গিটার’।
এ ছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ারের গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ প্রকাশিত হয়।




