শহীদ নূর হোসেনের মা মরিয়ম বেগম পরিবারের সদস্যদের নিয়ে রোববার সকালে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্য ছাড়াও নূর হোসেন চত্বরে অন্যযেসব সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে তাদের মধ্যে অন্যতম হলো— বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাম গণতান্ত্রিক জোট, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র ফোরাম, বাসদ (মার্কসবাদী), জাতীয় গণফ্রন্ট, নাগরিক ঐক্য, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় গণফ্রন্ট।
১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন পুরান ঢাকার বাসিন্দা নূর হোসেন।
সেদিন খালিগায়ে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক’ ও ‘গণতন্ত্র মুক্তি পাক’- এই স্লোগান ধারণ করে গুলিস্তানে স্বৈরাচার বিরোধী মিছিলের অগ্রভাগে ছিলেন নূর হোসেন। ওই মিছিল লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
উল্লেখ্য এরশাদ স্বৈরাচারি সামরিক শাসকের অধীনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ৮দলীয় জোট এবং জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৭ দলীয় জোট সেই নির্বাচন বর্জন করে। এরশাদকে বৈধতা না দেওয়ার শপথ গ্রহণ করায় বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে দেশবাসীর হৃদয়ে স্থান করে নেন।
শহীদ নূর হোসেন পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন





