জেড নিউজ, ঢাকা:
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা ছিল না। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে জোয়ারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির শুধু ধড়ের অংশ পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।





