জেড নিউজ, ঢাকা:
নেত্রকোনার মদন উপজেলায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১২ বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক। নবজাতক শিশু ও মায়ের দায়িত্ববার গ্রহণ করেছেন রাষ্ট্র।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক আব্দুস সালাম এ রায় দেন। এই রায়ে বাদীপক্ষসহ উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন।
এদিকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়।
সেখানে গত ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়। এরপর ৯ জুলাই নবজাতকের ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মদন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান জানান, ধর্ষণের ঘটনার পর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে এসআরবি-১৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত অভিযুক্তের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।
তিনি আরো জানান, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নবজাতককে ঢাকায় না এনে সিলেটের একটি সেফ হোমেই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢাকার সিআইডি ল্যাবের পরিদর্শক মো. জাহাঙ্গীর সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেন।
অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি ওই গ্রামের হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবর মাসে শিক্ষক আমান উল্লাহ সাগর জোরপূর্বক ওই মেয়েটিকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখান। পরে এপ্রিল মাসের ১৮ তারিখে ওই শিক্ষক ছুটি নেন।
এরপর থেকে তিনি আর মাদ্রাসায় আসেননি বলে জানিয়েছেন ওই মাদরাসার আরেক শিক্ষক। এদিকে ভুক্তভোগী শিশুটিও শারীরিক অসুস্থতাজনিত কারণে গত পাঁচ মাস ধরে মাদ্রাসায় যায়নি।
পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন ঘটলে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারে। শিশুটি মাদ্রাসার শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে বলে জানায়। এরপর শিশুটিকে নিয়ে তার পরিবার মদন উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তারের চেম্বারে যান।
ডা. সায়মা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাচ্চাটি তার মায়ের সঙ্গে আমার ক্লিনিকে আসে এবং জানায় যে, তার পেটে সবসময় ভারী অনুভব করে এবং তার পেটের ভেতর কিছু একটা নড়াচড়া করছে বলে মনে হয়। পরে প্রাথমিকভাবে তাকে পরীক্ষা করে দেখতে পাই, বাচ্চাটি রক্তশূন্যতায় ভুগছে। তার শরীরে রক্ত নেই বললেই চলে।
তিনি আরও জানান, অন্তঃসত্ত্বা শিশুটির গর্ভে থাকা শিশুর বয়স প্রায় ২৭ সপ্তাহের বেশি ছিল। অন্তঃসত্বা শিশুটির বয়স ১১ বছর।
উচ্চতা সাড়ে চার ফুটের কম এবং ওজন মাত্র ২৯ কেজি। গর্ভস্থ শিশুটির বাইপ্যারাইটাল ডায়ামিটার (মাথার দুপাশের হাড়ের দূরত্ব) প্রায় ৭৪ মিলিমিটার। যা শিশুটির পেলভিকের তুলনায় অনেক বড়। অর্থাৎ শিশুটির সরু কোমরের তুলনায় গর্ভস্থ বাচ্চার মাথার মাপ অনেক বেশি। এটি বড় ধরনের শারীরিক ঝুঁকি তৈরি করতে পারে।
এছাড়া বাচ্চাটির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা মাত্র ৮.২ ছিল, যা মারাত্মক রক্তস্বল্পতার লক্ষণ। সে অপুষ্টি এবং কৃমির সমস্যায়ও ভুগছে। সরু পেলভিসের ভেতর দিয়ে বড় মাথার বাচ্চা প্রসব করা স্বাভাবিকভাবে সম্ভব নয়, যা মা ও বাচ্চা উভয়ের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।





