জেড নিউজ, ঢাকা।
বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সামগ্রিকভাবে উন্নতি হয়েছে। পূর্বের আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমানে রাজনৈতিক দল, সাংবাদিক, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা ও মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিম-সিপিআইটির তৈরি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরের ৭ থেকে ১৫ জুন পর্যন্ত তিন সদস্যের একটি ব্রিটিশ প্রতিনিধিদল ঢাকায় বিভিন্ন অংশীজনের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নিয়ে এই প্রতিবেদন তৈরি করেন।
প্রতিবেদনে বলা হয়, জামায়াতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো এখন স্বাধীনভাবে সংগঠন পরিচালনা, প্রচার চালানো, সমাবেশ ও সরকারের সমালোচনা করার সুযোগ পাচ্ছে। দেশে এখন রাজনৈতিক সহিংসতা থাকলেও তা মূলত স্থানীয় পর্যায়ের প্রভাব বিস্তার, ব্যবসায়িক স্বার্থ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে।
বিভিন্ন সূত্রের বর্ণনা অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচন ছিল মোটামুটি শান্তিপূর্ণ এবং অতীতের নির্বাচনগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম সহিংসতাপূর্ণ। নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতাও কমেছে।
এছাড়া, প্রতিবেদনটিতে আরো বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলায় গ্রেপ্তার হওয়া অধিকাংশ ব্যক্তি ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। সেইসাথে পুরোনো মামলাগুলো পর্যালোচনার প্রক্রিয়া এখনো চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।





