জেড নিউজ, ঢাকা:
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচণা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২১ সেপ্টেম্বর এই মামলায় গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার স্ত্রী মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৪ সেপ্টেম্বর গাজী নজরুলকে আরও চার দিনের মঞ্জুর করেন।
দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। আসামিপক্ষে আইনজীবী মাহবুবুল ইসলাম জামিন আবেদন করেন।
শুনানি শেষে জামিন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৬ ধারায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন নিহত মরিয়মের বাবা এস. এম. মাসুম বিল্লাহ।





