জেড নিউজ, ডেস্ক :
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে জাপানে এমন মানুষের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন।
বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় জাপানেই শতবর্ষী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তাদের প্রায় ৮৮ শতাংশই নারী।
জাপানের সবচেয়ে বয়স্ক নারী কিশিমোতো ফুয়ো। কিয়োতো শহরের বাসিন্দা এই নারীর বয়স ১১৪ বছর।
আর সবচেয়ে বয়স্ক পুরুষ কাতো হিকারু। কুমামোতো শহরের এই ব্যক্তির বয়স ১১২ বছর। জাপানের স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো বলেন, এত মানুষ দীর্ঘ, সুস্থ ও সক্রিয় জীবনযাপন করছেন- এটি আনন্দের বিষয়। চিকিৎসা ও প্রযুক্তির উন্নতির কারণে মানুষের আয়ু বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, মানুষের আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদে সামাজিক নিরাপত্তাব্যবস্থা টেকসই রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বয়স্ক মানুষের চিকিৎসা, পেনশন ও অন্যান্য সামাজিক সেবা নিশ্চিত করতে সরকারের ওপর চাপ বাড়ছে। একই সময়ে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় এসব ব্যবস্থার অর্থ জোগাড় করাও কঠিন হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের মতে, জাপানিদের দীর্ঘ জীবনযাপনের পেছনে স্বাস্থ্যকর খাবার ও সক্রিয় জীবনযাপনের বড় ভূমিকা রয়েছে। জাপানের প্রচলিত খাবারে মাছ, শাকসবজি ও ভাতের পরিমাণ বেশি।




