spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আগুনঝরা বোলিংয়ে কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট শিকার

জেড নিউজ স্পোর্টস:

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াডে থাকায় কাউন্টি চ্যাম্পিয়নশিপের মাঝপথে কেন্ট ছাড়তে হয়েছে হাসান মাহমুদকে। তার বিদায়ে কিছুটা শঙ্কায় ছিল দলটি। তবে সেই শূন্যতা দারুণভাবে পূরণ করছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। কাউন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত বোলিং করে আলোচনায় উঠে এসেছেন তিনি।

ইংল্যান্ডের কেন্টারবুরিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ল্যাঙ্কশায়ারের বিপক্ষে প্রথম দিনে বল হাতে আধিপত্য দেখিয়েছে কেন্ট। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বড় ভূমিকা রাখেন খালেদ। তার নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় ল্যাঙ্কশায়ার।

নতুন বলে শুরু থেকেই ছন্দে ছিলেন ডানহাতি এই পেসার। প্রথম স্পেলে টানা তিন ওভার মেডেন দিয়ে চাপ তৈরি করেন তিনি। এরপর ৩০ রান করা কিটন জেনিংসকে ফিরিয়ে ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন। সেই উইকেটের পরই শুরু হয় ল্যাঙ্কশায়ারের ব্যাটিং বিপর্যয়।

পরের ওভারেই রকি ফ্লিন্টফকে আউট করে আরও বড় ধাক্কা দেন খালেদ। অন্য প্রান্ত থেকে ম্যাট মিলনেসও সমান তালে আক্রমণ চালালে দ্রুতই চাপে পড়ে যায় ল্যাঙ্কশায়ার। ৮২ রানের মধ্যেই হারিয়ে ফেলে চার উইকেট।

এরপর ম্যাটি হার্স্টকে ৩৭ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন খালেদ। ডার্বিশায়ারের বিপক্ষে আগের ম্যাচে তিন উইকেট নেওয়া এই পেসার এবার নিজেকেই ছাড়িয়ে যান। এক পর্যায়ে টানা দুই বলে মিচেল স্ট্যানলি ও অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে সাজঘরে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেটের কীর্তি।

শেষ পর্যন্ত ১৫.৫ ওভার বল করে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন খালেদ। তার বোলিংয়ে ছিল চারটি মেডেন ওভার। অন্যদিকে মিলনেস ৫০ রানে চার উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তবে বল হাতে দাপট দেখালেও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি কেন্ট। প্রথম দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫১ রান। দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝেও ৬৮ রানে অপরাজিত থেকে কেন্টকে লড়াইয়ে রাখার চেষ্টা করছেন জ্যাক ক্রলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়