জেড নিউজ স্পোর্টস:
এশিয়ান গেমসের চূড়ান্ত প্রস্তুতি ও নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নিতে চীন সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল।
বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয় লাল-সবুজ প্রতিনিধিরা। সফরে স্বাগতিকদের বিপক্ষে ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
চীনে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিয়ানজিন জিংহাই ডিস্ট্রিক্টের তুয়ানবো স্পোর্টস সেন্টারে। দেশটির জাতীয় হকি দলের বিপক্ষে ৩টি এবং স্থানীয় তুয়ানবো স্পোর্টস সেন্টার দলের বিপক্ষে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিপ্লব কুজুররা।
বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) জানায়, এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে নামার আগে এই ম্যাচগুলো খেলোয়াড়দের পারফরম্যান্সের ঘাটতি দূর করতে ও কোচের রণকৌশল নিখুঁতভাবে সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




