জেড নিউজ, ঢাকা:
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নতুন হার ২০২৬ সাল থেকে পরবর্তী তিন বছর কার্যকর থাকবে।
ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পাবে। এ ছাড়া উভয় শ্রেণির শিক্ষার্থীরাই বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে। ২৫ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য এই ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। বৃত্তি পেতে শিক্ষার্থীর সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি বজায় রাখতে হবে।
এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে।
বৃত্তির অর্থ জিটুপি (G2P) বা ইএফটি (EFT) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ জন্য অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে হিসাব খুলতে হবে।
বৃত্তির জন্য বরাদ্দ করা অর্থের বিল সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন, অর্থাৎ প্রতিবছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে।
প্রকাশিত বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন, বাতিল অথবা পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সংরক্ষণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বৃত্তির অর্থ প্রতি অর্থবছরের শেষ দিন (৩০ জুন)-এর মধ্যে উত্তোলন করতে হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বৃত্তির ফলাফল বা তালিকায় ভুল থাকলে তা সংশোধন, বাতিল বা পুনর্বণ্টনের ক্ষমতা থাকবে।




