spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ

কয়রা (খুলনা) প্রতিনিধি:

সুন্দরবনে জলদস্যুতা নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যে চারটি জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্য র‌্যাব-৬-এর কাছে আত্মসমর্পণ করেছেন। গত তিন দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকায় র্যাবের উদ্যোগে আয়োজিত পৃথক কার্যক্রমে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই/আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন। এসব বাহিনীর চার প্রধানও আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, সুন্দরবনে দীর্ঘদিন ধরে সক্রিয় বিভিন্ন জলদস্যু বাহিনীর তৎপরতা বন্ধ এবং বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের সুযোগ করে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বিভিন্ন শ্রেণির বনজীবীদের দীর্ঘদিনের অন্যতম আতঙ্ক ছিল জলদস্যুদের অপতৎপরতা। বনজ সম্পদ আহরণে গিয়ে দস্যুদের হামলা, অপহরণ ও মুক্তিপণের দাবির আশঙ্কায় অনেক বনজীবীকে ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ করতে হতো। ফলে জলদস্যুদের আত্মসমর্পণকে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

র‌্যাব-৬ (খুলনা)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, জলদস্যুদের আত্মসমর্পণ করানোর কার্যক্রমের পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তিনি আরও বলেন, সুন্দরবনে জলদস্যুতা নিয়ন্ত্রণ এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের অভিযান ও আত্মসমর্পণ কার্যক্রম অব্যাহত থাকবে।

র‌্যাবের এ উদ্যোগের ফলে সুন্দরবনে দস্যুতা নিয়ন্ত্রণের পাশাপাশি বনজীবীদের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আত্মসমর্পণকারী দস্যুদের স্বাভাবিক জীবনে ফেরানোর সুযোগ তৈরি হলে সুন্দরবনকেন্দ্রিক অপরাধ কমাতেও ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়