spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রামেই জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি: প্রতিমন্ত্রী ইশরাক

জেড নিউজ, ঢাকা:

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে দাবি করে কেউ যেন এই আন্দোলনকে কলঙ্কিত না করে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ দেড় দশকের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মধ্য দিয়েই জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল।

শনিবার ১৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে, রক্তাক্ত গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানকে একটি নতুন রাজনৈতিক দল এবং ৭১-এর ঘাতক-দালাল রাজাকাররা নিজেদের একক কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।’

তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে ১৯৭১-কে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে সেটিকে বাণিজ্য করেছেন এবং দেশের মানুষকে খুন, অত্যাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে দাবিয়ে রেখে ক্ষমতা দখল করেছিলেন, একই কায়দায় জুলাই গণঅভ্যুত্থানকে একক কৃতিত্ব হিসেবে দাবি করা হচ্ছে।

ইশরাক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যদি কোনো একক কৃতিত্বের দাবিদার থাকেন, তাহলে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর দীর্ঘ দেড় দশকের আন্দোলন-সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়েই রক্তাক্ত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল।

তিনি বলেন, খালেদা জিয়ার ত্যাগ, মনোবল এবং বাংলাদেশের প্রশ্নে তাঁর আপসহীন চরিত্র থেকে অনুপ্রেরণা নিয়ে নেতা-কর্মীরা বছরের পর বছর গুম, খুন, মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। অনেক ছাত্রনেতা গুম হয়েছেন, যাঁদের পরিবার এখনো তাঁদের খুঁজে বেড়াচ্ছে।

ইশরাক হোসেন বলেন, খিলগাঁওয়ে নুরুজ্জামান জনিসহ অনেক ছাত্রনেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। সূত্রাপুর-কোতোয়ালি এলাকার সাতজন ছাত্রনেতা গুম হয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁদের পরিবার আজও জানে না তাঁরা জীবিত আছেন নাকি মৃত।

এসব ত্যাগের বিনিময়েই জনরোষ ও জনক্ষোভ তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী, এর মধ্যে ৪৮ জন পদধারী নেতা-কর্মী জীবন দিয়েছেন।

তবে বিএনপি কৃতিত্বের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে ইশরাক বলেন, শুরু থেকেই তাঁরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেননি। কিন্তু নতুন একটি রাজনৈতিক দল এবং পুরোনো একটি দল এখন জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

দায়িত্বশীল রাজনৈতিক বিরোধী পক্ষ হিসেবে সরকারের সহযোগিতা ও সুপরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে যে পরিস্থিতিতে রেখে যাওয়া হয়েছিল, তা থেকে উত্তরণের জন্য সরকারকে সহযোগিতা করা উচিত। কিন্তু বর্তমানে সরকারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং সরকার পতনের কথা বলা হচ্ছে।

তিনি বলেন, দলের অভ্যন্তরে মতপার্থক্য থাকতে পারে। দল যাঁকে যোগ্য মনে করেছে, তাঁকে পদ দিয়েছে। কিন্তু পদ-পদবি সবকিছু নয়। একটি নীতি ও আদর্শ নিয়ে নেতা-কর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন; কোনো কিছু পাওয়ার জন্য বা হওয়ার জন্য নয়।

আগামী দিনেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, জুলাইকে পুঁজি করে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা মোকাবিলা করা হবে। ফ্যাসিবাদ আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে সবাইকে চড়া মূল্য দিতে হবে।

তিনি বলেন, বিএনপি খুনি হাসিনার মতো ক্ষমতা দখল করে আসেনি। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছরের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

দেশের জ্বালানি, ব্যাংকিং খাত ও দূষণসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ইশরাক বলেন, এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত কাজ করছেন। মন্ত্রিসভা ও সংসদে থাকা ব্যক্তিরা তাঁকে সহযোগিতা করছেন। খালেদা জিয়ার স্মৃতি ধরে রাখতে তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিশেষ করে ঢাকা মহানগর ছাত্রদলের ইউনিটগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ছাত্রদলের নেতা-কর্মীদের নীতি ও আদর্শে অটল থাকার পাশাপাশি দলের ভাবমূর্তি রক্ষায় জনগণের সামনে সুন্দর আচরণ ও কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া সহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়