জেড নিউজ ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী মো. ইয়াছিন সেন্টু (৪৭)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ ইয়াছিন সেন্টুকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, হাজী আবুল কাশেম বিএনপির রাজনীতির পাশাপাশি নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি হকার্স মার্কেটের কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে সহযোগী ইয়াছিন সেন্টুকে নিয়ে কার্যালয় থেকে বের হয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ইয়াছিন সেন্টু আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে একটি গুলি কাশেমের হাতে ছুঁয়ে গিয়ে সেন্টুর পেটের বাঁ পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, রাত ১২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াছিন সেন্টুকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীদের লক্ষ্য ছিলেন হাজী আবুল কাশেম। তবে গুলিবিদ্ধ হয়েছেন তার সহযোগী ইয়াছিন সেন্টু। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।





