জেড নিউজ, ঢাকা:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ লিটন জব্বার, ইসমাইল হোসেন মামুন, মোঃ বাবুল বাবু, আইয়ুব ভূইয়া, মোঃ রোমান।
গত সোমবার বিকাল আনুমানিক ৪:৫০ ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন দয়াগঞ্জ টু যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি- ওয়ারী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যাত্রাবাড়ি থানাধীন শহীদ ফারুক সড়কের মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকানের সামনে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, ১টি চাপাতি ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করত। পরবর্তীতে তা ঢাকা শহরে এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রয় করত এবং অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করে আসছিলো। গ্রেফতারের সময় তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলো।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ।



