০৬/০৫/২০২৬, ১৬:৪৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ফ্যাশন ও শিল্পের মেলবন্ধনে মেট গালার রেড কার্পেট

    জেড নিউজ ডেস্ক :

    নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে সোমবার (৪ মে) রাতে বসেছিল ফ্যাশন জগতের সবচেয়ে বড় উৎসব ‘মেট গালা’। বিনোদন, খেলাধুলা ও ফ্যাশন জগতের সেরা তারকারা এদিন রেড কার্পেটে হাজির হয়ে ফ্যাশনকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। এবারের গালা অনুষ্ঠানটি রেকর্ড ৪২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি।

    এবারের উৎসবের মূল থিম ছিল ‘কস্টিউম আর্ট’, যেখানে পোশাককে শিল্পের সঙ্গে তুলনা করা হয়েছে।

    ১০ বছর পর মেট গালায় ফিরে এসে সবাইকে চমকে দিয়েছেন অনুষ্ঠানের সহ-সভাপতি বিয়ন্সে। রত্নখচিত কঙ্কালের গাউন এবং জমকালো পালকের কোট পরে তিনি রেড কার্পেটে ঝড় তোলেন। অনুষ্ঠানের সূচনা করেন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস এবং অভিনেত্রী নিকোল কিডম্যান।

    সংগীত জগতের কিংবদন্তি ম্যাডোনা, শের ও স্টিভি নিক্সের পাশাপাশি নতুন প্রজন্মের সাব্রিনা কার্পেন্টার, ডোজা ক্যাট ও টাইলার মতো তারকারাও উপস্থিত ছিলেন।

    বরাবরের মতো ফ্যাশন আইকন রিহানা ও এএসএপি রকি দেরিতে এলেও সবার নজর কাড়েন। এদিকে তারকা গায়ক ব্যাড বানি বার্ধক্যের রূপ ধারণ করতে কৃত্রিম অঙ্গ ও সাদা পরচুলা পরে হাজির হয়ে চমক সৃষ্টি করেন।

    এবারের গালায় পোশাকের পাশাপাশি নামী চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শিত হয়েছে। ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম ‘আইরিস’-এর পাশে সেন্ট লরেন্টের ডিজাইন করা পোশাক প্রদর্শনীতে নতুন মাত্রা যোগ করে।

    এ ছাড়া অভিনেত্রী ব্লেক লাইভলি আইনি ঝামেলা মিটিয়ে অপ্রত্যাশিতভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচনার সৃষ্টি করেন।

    প্রতি বছরের মতো মে মাসের প্রথম সোমবারে আয়োজিত এই অনুষ্ঠানটি ফ্যাশন এবং শৈল্পিক সৃজনশীলতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়