জেড নিউজ ডেস্ক :
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার নতুন রূপে ভক্তদের সামনে হাজির হয়েছেন। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় নিজের উপস্থিতি আরও জোরালো করতে তিনি আনুষ্ঠানিকভাবে চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। ভক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নিজের সৃজনশীল কাজের অন্দরমহলের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন জয়া। অভিনেত্রীর ভাষ্য, পর্দায় যে চরিত্রগুলো দর্শক দেখেন, তার পেছনের বাস্তব অভিজ্ঞতা প্রস্তুতি এবং নানা অজানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্যই নতুন এই প্ল্যাটফরম।
নতুন ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে তার অভিনয় জীবনের নেপথ্যের দৃশ্য, শুটিং সেটের অভিজ্ঞতা এবং কাজের বিভিন্ন পর্যায়ের গল্প। পাশাপাশি ব্যক্তিগত জীবনযাত্রার কিছু বিশেষ দিকও উঠে আসবে ভিডিওতে, যা এতদিন তার ভক্তদের কাছে অজানাই ছিল। প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত অভিনেত্রী জয়া আহসান তার ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও তুলে ধরবেন এই চ্যানেলে।



