জেড নিউজ, ঢাকা:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)-এর চেয়ারম্যান ও সদস্যদের জন্য নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা বাতিলের লক্ষ্যে পৃথক দুটি সংশোধনী বিল পাস হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এই বিল দুটি পাস করা হয়। বিল দুটি পাস হওয়ায় এখন থেকে এই দুটি নিয়ন্ত্রক সংস্থায় যেকোনো বয়সের ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার সুযোগ সৃষ্টি হলো।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে পৃথকভাবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) বিল, ২০২৬’ এবং ‘ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (সংশোধনী) বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরবর্তীতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।
বর্তমান আইনে বলা আছে, কোনো ব্যক্তি ৬৫ বছর পূর্ণ করলে তিনি বিএসইসি’র চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগযোগ্য থাকেন না বা পদে বহাল থাকতে পারেন না। সংশোধনী বিলে এই বিধানটি বাতিলের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, আইডিআরএ আইনে উল্লেখ রয়েছে যে, কোনো ব্যক্তি ৬৭ বছর পূর্ণ করলে তিনি ওই সংস্থার চেয়ারম্যান বা সদস্য হতে পারেন না। নতুন বিলে এই বিধানও বাতিলের প্রস্তাব করা হয়েছে।
বিল দুটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে সময়োপযোগীভাবে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।



