১১/০৪/২০২৬, ১৭:১৭ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ছয় মাসে ৫ লাখ জনবল নিয়োগ দিতে চায় সরকার

    জেড নিউজ, ঢাকা:

    আগামী ছয় মাসের মধ্যে পাঁচ লাখ জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হবে।

    প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অন্যদিকে, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ কার্যক্রম সমন্বয় করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

    জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত মার্চে নিয়োগ প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

    বিএনপি নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা চেয়ে গত ৭ মার্চ সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এর পর মার্চের মাঝামাঝিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও দপ্তর-সংস্থার শূন্য পদে নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠায়।

    এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেছেন, আমরা সব মন্ত্রণালয়ের নিয়োগ পরিকল্পনা পেয়েছি। এখন তা বাস্তবায়নের কাজ চলছে।

    এদিকে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, আগামী ছয় মাসের মধ্যে পিএসসি কতজন জনবল নিয়োগ দেবে, এ-বিষয়ক তথ্য জানতে চেয়েছিল মন্ত্রণালয়। আমরা বিস্তারিত পরিকল্পনা জানিয়েছি। তবে কোন পদে কতজন নিয়োগ হবে, তা নথি দেখে বলতে হবে। তিনি বলেন, প্রতিবছর একটি বিসিএস সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে পিএসসি। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ কোনো বিসিএস বা নিয়োগের উদ্যোগ নিলে সেই কাজ করার চেষ্টা করব।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়