জেড নিউজ, ডেস্ক:
নতুন উপাধি নিয়ে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যপুস্তকে আসছে শেখ হাসিনার নাম। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি’র সিদ্ধান্ত অনুযায়ী, শেখ হাসিনার নামের আগে যুক্ত হবে “স্বৈরাচার” ও “গণহত্যাকারী” শব্দ। পাশাপাশি যোগ হবে রাতের ভোট, ডামি নির্বাচন ও দমন-পীড়নের মতো বিতর্কিত ঘটনাগুলোর বর্ণনা ।
এনসিটিবি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০১২ সালের পাঠ্যক্রমের কাঠামো ধরে ২০২৬ শিক্ষাবর্ষের বইগুলোতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। এ পরিবর্তনের মূল লক্ষ্য, রাজনৈতিক ইতিহাসকে দলীয় প্রভাবমুক্ত ও বাস্তব তথ্যনির্ভর করা।
বাংলা একাডেমির মহাপরিচালক ও পাঠ্যবই পরিমার্জন কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আজম জানান, “আগে পাঠ্যবইয়ে অতিরিক্ত রাজনৈতিক প্রচারণা যুক্ত ছিল। এখন ইতিহাসকে নির্মোহভাবে উপস্থাপনের চেষ্টা চলছে।
পূর্ববর্তী সরকারের সময়ে পাঠ্যবইয়ে শেখ হাসিনাকে দূরদর্শী নেতা, মাদার অব হিউম্যানিটি ইত্যাদি বিশেষণ দেয়া হয়েছিল, যা নিয়ে শিক্ষাবিদ ও নাগরিক সমাজে তীব্র সমালোচনা হয়। নতুন সংস্করণে সেসব প্রশংসাবাক্য বাদ দিয়ে যোগ হচ্ছে “গণহত্যা, রাতের ভোট ও রাষ্ট্রীয় নিপীড়নের” বিবরণ।
শিক্ষা বিশ্লেষকরা বলছেন, ইতিহাসের এই সংশোধন বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দেবে, যেখানে ইতিহাসে আর প্রোপাগান্ডার নয়, বরং সত্যের প্রতিফলন ঘটবে।



