spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ভারতের লাদাখে জেন জিদের বিক্ষোভ, নিহত ৫

বাংলাদেশ, নেপালের পর এবার জেন জি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতে। বুধবার ভারতের লাদাখে আলাদা রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীরা রাজধানী লেহতে বিজেপির কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজন বিক্ষোভকারী নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয় ও হিল কাউন্সিলের দপ্তরে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনী লাঠচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে এর আগে অনশন ধর্মঘট করে বিক্ষোভকারীরা। পিটিআইয়ের খবরে বলা হয়েছে, লাদাখ অ্যাপেক্স বডির (এলএবি) যুব শাখা গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের অনশন ধর্মঘট শুরু করে। ওই ধর্মঘট চলাকালে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত সহিংস আন্দোলনে রূপ নেয় ।

এদিকে ৬ অক্টোবর কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাদাখি প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। কিন্তু এই সহিংস সংঘর্ষে সেই আলোচনা আদৌ অনুষ্ঠিত হবে কি না তা এখন অনিশ্চিত।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখকে গঠন করা হয়। কিন্তু স্থানীয়দের দীর্ঘদিনের দাবি—লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হোক এবং ষষ্ঠ তফসিলের আওতায় এনে তাদের ভূমি ও সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত করা হোক।
জেড নিউজ , ঢাকা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়