জেড নিউজ, ঢাকা:
রাজধানীর মিরপুরে গাড়িচাপায় মো. শামীম নামে ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তিনি প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। তার কর্মস্থল ছিল মিরপুর সেনপাড়া ও পানির পাম্প এলাকায়। তিনি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কর্তব্যরত অবস্থায় শামীমকে একটি গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য ঘাতক চালক ও গাড়িকে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোন ধরনের গাড়ি শামীমকে চাপা দিয়েছে জানতে চাইলে ওসি বলেন, এখনো শনাক্ত করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে।





