জেড নিউজ , ঢাকা :
২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সৌদি আরবে ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৭৬৭ মানুষ ওমরাহ পালন করেছেন। এর মধ্যে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা প্রায় ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন।
সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মোট ওমরাহ পালনকারীর মধ্যে পুরুষের সংখ্যা প্রায় ৫৯ দশমিক ৪ শতাংশ এবং নারীর সংখ্যা ৪০ দশমিক ৬ শতাংশ। মোট ওমরাহ পালনকারীর ২৮ দশমিক ৯ শতাংশ ছিলেন সৌদি নাগরিক।
প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭৭ হাজার ৯০৪ জন, যা মোটের ৪৮ দশমিক ২ শতাংশ। অন্যদিকে নারী ছিলেন ২৯ লাখ ৯১ হাজার ৩৬৭ জন, বা ৫১ দশমিক ৮ শতাংশ।
প্রথম ধাপে বিনামূল্যে ওমরাহের সুযোগ পাবে এশিয়ার ১৬ দেশের ২৫০ মুসলিম
আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের প্রধান মাধ্যম ছিল বিমানবন্দর। মোট আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর ৮৬ শতাংশ বিমানপথে দেশটিতে প্রবেশ করেন। এ ছাড়া ১৩ দশমিক ৬ শতাংশ স্থলবন্দর এবং শূন্য দশমিক ৪ শতাংশ সমুদ্রবন্দর ব্যবহার করেন।
মাসভিত্তিক হিসাবে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা জানুয়ারিতে সর্বোচ্চ ছিল। এ মাসে ২২ লাখ ৩৭ হাজার ৪১৮ জন ওমরাহ পালন করেন, যা প্রথম প্রান্তিকের আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর ৩৮ দশমিক ৮ শতাংশ। মার্চে এ সংখ্যা কমে দাঁড়ায় ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জনে, যা ছিল প্রান্তিকের সর্বনিম্ন।
জিএএসটিএটি-এর তথ্য অনুযায়ী, দেশীয় ওমরাহ পালনকারীদের ৭৫ দশমিক ৪ শতাংশ পরিবারের সঙ্গে ওমরাহ পালন করেছেন। ১৭ দশমিক ২ শতাংশ একাই ওমরাহ পালন করেন এবং ৭ দশমিক ৪ শতাংশ বন্ধুদের সঙ্গে ওমরাহ পালন করেছেন।
মাসভিত্তিক হিসাবে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ছিল। এ মাসে ৪৫ লাখ ৫৮ হাজার ৫৭০ জন ওমরাহ পালন করেন, যা প্রথম প্রানি্তকের মোট দেশীয় ওমরাহ পালনকারীর ৪৮ দশমিক ২ শতাংশ। জানুয়ারিতে এ সংখ্যা ছিল সর্বনিম্ন ১৩ লাখ ১ হাজার ৩৪৩ জন।
বয়সভিত্তিক হিসাবে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৫ থেকে ৬৪ বছর বয়সীরা সবচেয়ে বড় অংশ। তাদের হার ১৮ দশমিক ৮ শতাংশ। বিপরীতে ০ থেকে ১৪ বছর বয়সীদের অংশ সবচেয়ে কম, ৮ শতাংশ।
এদিকে সৌদি ওমরাহ পালনকারীদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি, যা মোটের ২৫ দশমিক ৩ শতাংশ। ৬৫ বছর বা তার বেশি বয়সীদের অংশ সবচেয়ে কম্ত২ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম প্রানি্তকে মদিনায় আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৭ লাখ ৪১ হাজার ৪৬০ জন। একই সময়ে ধর্মীয় উদ্দেশ্যে মদিনা সফরকারী দেশীয় দর্শনার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৮৪ হাজার ১৯৩ জন।
দেশীয় দর্শনার্থীদের মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৯ লাখ ৭৫ হাজার ২৭৮ জন, যা মোটের ৪৯ দশমিক ২ শতাংশ। অন্যদিকে অন্য দেশের নাগরিকের সংখ্যা ছিল ১০ লাখ ৮ হাজার ৯১৫ জন বা ৫০ দশমিক ৮ শতাংশ।





