spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সালমান শাহকে ঘিরে নব্বইয়ের নস্টালজিয়া, আসছে ‘লাভ ৯৬’

জেড নিউজ , ডেস্ক :

ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের আবেগ, ভক্তদের উন্মাদনা ও সেই সময়ের নস্টালজিয়াকে পর্দায় তুলে ধরতে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিকের পরিচালনায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।

সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এর দুদিন আগে দেশজুড়ে সিনেমাটি মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। চলচ্চিত্রটি ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের আবহ ফুটিয়ে তোলার বিষয়টি বোর্ড সদস্যদের প্রশংসা পেয়েছে।

‘লাভ ৯৬’-এর গল্প সরাসরি সালমান শাহর জীবনী বা মৃত্যুর ঘটনা নিয়ে নয়। বরং তাঁকে ঘিরে সে সময়কার দর্শক-ভক্তদের আবেগ ও উন্মাদনাই গল্পের মূল বিষয়। নব্বইয়ের দশকের সাদাকালো টেলিভিশন, ভিসিআর ভাড়া করে সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ, ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে গান শোনার মতো স্মৃতিও উঠে এসেছে সিনেমাটিতে।

সিনেমার গল্পে সালমান শাহর এক অন্ধ ভক্তের জীবন ও তাঁর আবেগকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। ১৯৯৬ সালে প্রিয় নায়কের আকস্মিক মৃত্যুর পর ভক্তদের মধ্যে তৈরি হওয়া শোক ও মানসিক টানাপোড়েনও গল্পের গুরুত্বপূর্ণ অংশ।

পরিচালক ইভান মল্লিক জানিয়েছেন, সিনেমাটিতে বিতর্কিত কোনো বিষয় তুলে ধরার উদ্দেশ্য নেই। সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগ এবং নব্বইয়ের দশকের সেই সময়কে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরাই ‘লাভ ৯৬’-এর লক্ষ্য।

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিন প্রযোজিত সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। এছাড়া এতে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকারসহ অনেকে।

সালমান শাহর মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে মুক্তি পেতে যাওয়া ‘লাভ ৯৬’ তাই তাঁর ভক্তদের কাছে নব্বইয়ের দশকের সেই স্মৃতিতে ফিরে যাওয়ার একটি সুযোগ হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়