বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ’র একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি চেয়েছেন ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ফেলিংগার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। একইসঙ্গে তিনি ভারতের প্রতি ন্যূনতম আগ্রহও ইউরোপের থাকা উচিত নয় বলে মন্তব্য করেন।
নিজের পোস্টে গুনথার লিখেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি করা গেলে দুই পক্ষই লাভবান হবে। তার মতে, বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি এবং ইউরোপের নতুন শিল্প ও বাজারের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ সময় তিনি বলেন, আমাদের ভারতের আর প্রয়োজন নেই। বরং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়াই ইউরোপের ভবিষ্যৎ স্বার্থের পক্ষে।
যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক যখন নানা কারণে টানাপোড়েনে রয়েছে। বাণিজ্য, কূটনীতি ও সামরিক সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। ঠিক সেসময় ফেলিংগারের মতো প্রভাবশালী ব্যক্তির ভারতবিরোধী অবস্থান দেশটিকে একবারে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। এছাড়া এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও ধারনা করা হচ্ছে।
এদিকে, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে তৈরি পোশাক খাত, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও শ্রম অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়ছে। ইউরোপের বাজারে বাংলাদেশের রফতানি বেড়েছে, এবং বেশ কিছু দেশ এখন বাংলাদেশকে কৌশলগত বাণিজ্যিক অংশীদার হিসেবেও বিবেচনা করছে।
ফেলিংগারের পোস্টটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকে একে ভারতের প্রতি এক ধরনের রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব নতুনভাবে মূল্যায়নের সময় এসেছে বলেও মন্তব্য করছেন অনেকে।
জেড নিউজ, ঢাকা।



