জেড নিউজ, ঢাকা:
মার্কিন ডলারের দুর্বলতার প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪০.৬৩ ডলারে পৌঁছায়। আগস্ট মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪,০৩৮.৯০ ডলারে লেনদেন হয়। মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে দিকনির্দেশনার জন্য বাজারের নজর রয়েছে ফেডের চেয়ারম্যানের বক্তব্যের দিকে। ডলারের মূল্যের তারতম্যে স্বর্ণের দামে বড় প্রভাব পড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডলারের দুর্বলতা স্বর্ণের দামে সহায়তা দিলেও, ফেডের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ নীতির ইঙ্গিতই আগামী দিনে মূল্যবান ধাতুটির দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বাংলাদেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা কমে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে আজকের বাজারেও এই দামে বিক্রি হবে স্বর্ণ।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে ২৭ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।





