জেড নিউজ, ঢাকা:
দুবাইয়ে তৈরি ১৬ কেজিরও বেশি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হয়েছে। ২২ ক্যারেট সোনায় তৈরি দুলের জোড়াটি বিশ্বের সবচেয়ে ভারী ও সবচেয়ে বড় সোনার দুল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে অবস্থিত ‘জুয়েল অব জয়’ শোরুমে দুল দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি, জুয়ালুক্কাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় আলুক্কাস এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন পল আলুক্কাসসহ জুয়েলারি খাতের বিশিষ্ট ব্যক্তিরা।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘এ থাউজেন্ড পিকক’ নামের কানের দুল দুটি তৈরি করেছে জুয়েলারি প্রতিষ্ঠান জুয়ালুক্কাস। এর সম্মিলিত নিট স্বর্ণের ওজন ১৬ দশমিক ৫১৪ কেজি। আগের বিশ্বরেকর্ডের তুলনায় এ ওজন পাঁচ গুণেরও বেশি। এছাড়া কানের দুল দুটি ১ দশমিক ২১৫ মিটার লম্বা এবং এর ব্যাস ০ দশমিক ৬৮২ মিটার। কয়েক মাস ধরে ৫৫ জন দক্ষ কারিগর মোট ৫ হাজার ৮৪০ ঘণ্টা কাজ করে এগুলো তৈরি করেছেন।





