জেড নিউজ , ঢাকা :
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, ওই কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়াটিয়া হিসেবে ওই নারী ও পুরুষ বসবাস করতেন। ভাড়া নেওয়ার পর থেকেই কক্ষটির দরজা-জানালা অধিকাংশ সময় বন্ধ থাকত। শনিবার রাতে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে ভেতর থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এ সময় নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এ কারণে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে পুলিশ।
এদিকে সিআইডির ফরেনসিক টিম, ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
তবে উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় এখনো আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




