০২/০৭/২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    টেলিকান্ডে ফের বিতর্কে রুপপুর কাজ না করেই মেয়াদ বাড়ানোর আবদার।

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে উচ্চগতির টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে ৩৭৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয় ২০২২ সালে। দুই বছর মেয়াদি এই প্রকল্পের মেয়াদ শেষ হয় সাত মাস আগে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন মেয়াদ ও ব্যয় দুটোই বাড়িয়ে দ্বিগুণ করার আবদার করছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
    পরিকল্পনা কমিশনের তথ্য মতে, বাংলাদেশ ও রুশ সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৭৮ কোটি ৮৪ লাখ টাকা। আর মেয়াদ ধরা হয় ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৪ মার্চ পর্যন্ত। নির্ধারিত ওই মেয়াদ সাত মাস আগে শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি মাত্র ০.০১ শতাংশ।
    আর এই সময়ে খরচ হয়েছে ৪ কোটি ৮২ লাখ টাকা। এ অবস্থায় প্রকল্পের ব্যয় ৩৪৪ কোটি ৯৪ লাখ টাকা বা ৯১.০৫ শতাংশ বাড়িয়ে ৭২৩ কোটি ৭৮ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) কাছে। একই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত সময় চেয়েছে বিটিসিএল।
    এদিকে কোনো কাজ না করেই প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির এই প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, প্রকল্পটি নেওয়ার আগে সম্ভাব্যতা সঠিকভাবে যাচাই করা হয়নি। তড়িঘড়ি করে প্রকল্প অনুমোদন করা হয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত সময় ও ব্যয় বরাদ্দের যে প্রস্তাব করা হয়েছে, তাতেই বোঝা যায়, প্রকল্প বাছাইয়ে দুর্বলতা ছিল। এই প্রকল্পে অনিয়ম হয়েছে।

    জনপ্রিয়