১৬/০৪/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেই মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

    জেড নিউজ ডেস্ক:

    চীন থেকে গোপনে গুপ্তচর উপগ্রহ বা স্পাই স্যাটেলাইট সংগ্রহ করেছে ইরান। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এই স্যাটেলাইট ব্যবহার করেই সম্প্রতি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালিয়েছে তেহরান।

    চীনা প্রতিষ্ঠান ‘আর্থ আই কোং’ নির্মিত ও উৎক্ষেপিত ‘টিইই-০১বি’ নামক এই স্যাটেলাইটটি ২০২৪ সালের শেষের দিকেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স সংগ্রহ করে। ফাঁস হওয়া ইরানের সামরিক নথির বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এই তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চুক্তির অংশ হিসেবে আইআরজিসি বেজিং-ভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এমপোস্যাট’-এর নেটওয়ার্ক ব্যবহারের সুযোগও পেয়েছিল। এমপোস্যাটের নেটওয়ার্ক এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত।

    ফাঁস হওয়া নথির টাইম-স্ট্যাম্পড কো-অর্ডিনেট লিস্ট এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা গেছে, গত মার্চ মাসে বিভিন্ন ড্রোন ও মিসাইল হামলার আগে এবং পরে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ছবি তোলা হয়েছে।

    বিশেষ করে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির ছবি ১৩, ১৪ এবং ১৫ মার্চ তোলা হয়েছিল। উল্লেখ্য, ১৪ মার্চ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছিলেন। এছাড়াও জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটি, বাহরাইনের মানামায় মার্কিন পঞ্চম নৌবহরের কাছাকাছি এলাকা এবং ইরাকের ইরবিল বিমানবন্দরও আইআরজিসি-র এই স্যাটেলাইট নজরদারির আওতায় ছিল। ঠিক যে সময়ে এই এলাকাগুলোতে আইআরজিসি হামলার দাবি করেছিল, তখনই এই ছবিগুলো নেওয়া হয়েছিল।

    রয়টার্স জানিয়েছে, তারা ফিন্যান্সিয়াল টাইমসের এই প্রতিবেদনের সত্যতা এখনো যাচাই করতে পারেনি। অন্যদিকে হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন এবং চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এমনকি সংশ্লিষ্ট দুই চীনা কোম্পানিও রয়টার্সের প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়