জেড নিউজ ডেস্ক :
প্রায় ৭ কোটি বছর পুরোনো একটি টি-রেক্স ডাইনোসরের প্রায় ৮০ শতাংশ সম্পূর্ণ কঙ্কাল নিউইয়র্কের এক নিলামে ৫ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়ে নতুন রেকর্ড গড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিলামে সর্বশেষ দর উঠেছিল ৪ কোটি ৩০ লাখ ডলার। তবে ফি যোগ হওয়ার পর মোট বিক্রয়মূল্য ৫ কোটি ডলার ছাড়িয়ে যায়, যা এ পর্যন্ত কোনো ডাইনোসরের কঙ্কালের সর্বোচ্চ বিক্রয়মূল্য।
‘গাস’ নামের এ টি-রেক্সটির উচ্চতা প্রায় ১২ দশমিক ৫ ফুট এবং দৈর্ঘ্য ৩৮ ফুট। বিশেষজ্ঞদের মতে, এর খুলিসহ শক্তিশালী চোয়াল, দুই পা এবং বিরল কয়েকটি হাড় অত্যন্ত ভালোভাবে সংরক্ষিত রয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার একটি খামারে কঙ্কালটি আবিষ্কৃত হয়। মাত্র ১০ মিনিটের প্রতিযোগিতামূলক নিলামে ফোনের মাধ্যমে অংশ নেয়া এক অজ্ঞাতপরিচয় ক্রেতা এটি কিনে নেন।





