জেড নিউজ, ঢাকা
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে বাংলাদেশে আসবে, বলেন আ ন ম এহছানুল হক মিলন।
অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়ার মান উন্নয়নে বর্তমান সরকারের কাজ করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, “আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই। আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়ার মান উন্নয়ন করে যাবে। নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে এহছানুল হক মিলন শহরের বরুণকান্দি এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের নামফলক উন্মোচন করেন। শিক্ষামন্ত্রী বলেন, “বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে আসবে বাংলাদেশে; সেভাবেই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে।” শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উসকানি দিতে চায়; তরুণ প্রজন্ম তাদের ব্যর্থ করে দেবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মোহা. হাছানাত আলী, স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, ফজলে হুদা বাবুল, ডা. ইকরামুল বারী টিপু বক্তব্য দেন।





