spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’

জেড নিউজ, ঢাকা:

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার  প্রস্তাবে সায় নেই নির্বাচন কমিশনের (ইসি)। নির্দলীয় নির্বাচন হওয়ায় তাদের পক্ষে এমন আইন করা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। তবে জাতীয় সংসদের মতো স্থানীয় সরকারের ভোটেও দ্বৈত নাগরিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযুক্ত আসামির প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে। এ ছাড়া ঋণখেলাপির জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকরাও প্রার্থী হতে পারবেন না- এমন বিধান করতে চাইছে ইসি।

পাশাপাশি এক সদস্যের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিচ্ছে সংস্থাটি। এ ক্ষেত্রে বিদ্যমান একজন বিচারপতি ও একজন বিচার বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তার (যুগ্ম জজ বা সহকারী জজ) বদলে শুধু উচ্চ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনালগুলো গঠন করা হবে। দুই সদস্যের হওয়ায় যে কেউ দ্বিমত জানালে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তৃতীয় কোনো বেঞ্চে যাওয়ায় আপিল নিষ্পত্তি করতে দীর্ঘ সময় ও আইনি জটিলতা তৈরি হয়। এমন জটিলতা এড়াতেই এক সদস্যের ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব আনছে ইসি।

এসব আইন ও বিধি সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতে আজ মঙ্গলবার কমিশন সভায় বসতে যাচ্ছে ইসি। সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠেয় সভায় একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন আচরণবিধিমালার খসড়া অনুমোদনের কথা রয়েছে। স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের (সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) জন্য আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে আচরণ বিধিমালা সংশোধন ইসির নিজস্ব এখতিয়ার হওয়ায় এজন্য সরকারের অনুমোদনের প্রয়োজন পড়বে না।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে ইসিকে প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসি প্রণীত খসড়া আচরণবিধিমালার ওপর মতামত দিতে গিয়ে সম্প্রতি ওই প্রস্তাব দেয় দলটি। তাদের প্রস্তাবে ছিল, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করতে হবে।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হচ্ছে। ফলে কোনো দলের নেতাদের অংশগ্রহণ করতে না দেওয়ার এখতিয়ার ইসির নেই। স্থানীয় সরকারের যেসব পদে নির্বাচন হবে, সেগুলোতে প্রার্থী হতে যোগ্যতার শর্ত পূরণ করলেই যে কেউ দাঁড়াতে পারবেন। এখানে কে কোন দলের সেটা বিবেচনায় আনবে না ইসি।

তিনি জানান, এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আইন ও বিধির বেশ কিছু সংশোধনী প্রস্তাব তৈরি করা হয়েছে। এসব প্রস্তাব আজ কমিশন সভায় আলোচনার পর চূড়ান্ত করা হবে। এরপর সরকারের অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি করা হবে।

এই ইসি বলেন, এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলসহ অংশীজনের মতামতের ভিত্তিতে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের আচরণবিধিমালার খসড়াও চূড়ান্ত হয়েছে। এসব বিধিমালাও কমিশন সভায় অনুমোদন দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়