১৪/০৬/২০২৬, ২৩:৫৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কর্মজীবী নারীরা কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখতে যা করবেন

    জেড নিউজ, ঢাকা:

    বর্তমান সময়ে অনেক নারীকে একসঙ্গে কর্মজীবন ও পারিবারিক দায়িত্ব সামলাতে হয়। অফিসের কাজ, সন্তানদের দেখাশোনা, পরিবারের অন্যান্য সদস্যদের প্রয়োজন এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দিনের বেশিরভাগ সময়ই ব্যস্ততার মধ্যে কাটে। ফলে অনেক সময় ক্লান্তি, মানসিক চাপ ও বিরক্তি ভর করে। নিজের জন্য সময় বের করা যেন অসম্ভব হয়ে ওঠে।

    বিশেষজ্ঞদের মতে, পুরুষদের তুলনায় নারীদের জন্য ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা অনেক বেশি চ্যালেঞ্জিং। বিশেষ করে যেসব নারী কর্মজীবনের পাশাপাশি মা হিসেবে দায়িত্ব পালন করেন বা পরিবারের কোনো অসুস্থ সদস্যের দেখাশোনা করেন, তাদের জন্য এই চাপ আরও বেড়ে যায়। তবে সঠিক পরিকল্পনা ও কিছু সহজ অভ্যাসের মাধ্যমে এই ভারসাম্য বজায় রাখা সম্ভব।

    একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ করুন

    কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য আনার সবচেয়ে কার্যকর উপায় হলো একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কাজ কখন করবেন, তার একটি পরিকল্পনা থাকলে সময় ব্যবস্থাপনা অনেক সহজ হয়ে যায়।

    রুটিন অনুসরণ করলে গুরুত্বপূর্ণ কাজগুলো সময়মতো শেষ করা সম্ভব হয়। একই সঙ্গে নিজের জন্যও কিছুটা সময় বের করা যায়। প্রতিদিনের কাজগুলোকে অগ্রাধিকার অনুযায়ী সাজিয়ে নিলে অপ্রয়োজনীয় চাপও কমে যায়। মনে রাখবেন, একটি সুশৃঙ্খল রুটিন শুধু কাজের গতি বাড়ায় না, মানসিক স্বস্তিও এনে দেয়।

    দিন শুরু করুন শারীরিক কার্যকলাপ দিয়ে

    সুস্থ শরীর ও ইতিবাচক মনোভাবের জন্য শারীরিক কার্যকলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে ১৫ থেকে ২০ মিনিট আগে ঘুম থেকে উঠে কিছুটা সময় হাঁটা, হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করলে সারাদিনের জন্য শরীর ও মন প্রস্তুত হয়ে যায়।

    নিয়মিত শরীরচর্চা মানসিক চাপ কমাতে সাহায্য করে, কর্মক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি দূর করে। দিনের শুরুতে কিছুটা সময় নিজের শরীরের জন্য ব্যয় করলে পুরো দিনটাই অনেক বেশি প্রাণবন্ত ও ইতিবাচক মনে হয়।

    কাজের ফাঁকে বিরতি নিতে ভুলবেন না

    অনেক নারী দীর্ঘ সময় একটানা কাজ করতে করতে নিজের শরীর ও মনের প্রতি যত্ন নেওয়ার কথা ভুলে যান। বিশেষ করে যারা বাড়ি থেকে কাজ করেন, তারা অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে থাকেন।

    এমন অভ্যাস শরীর ও চোখের জন্য ক্ষতিকর। তাই নির্দিষ্ট সময় পরপর কিছুক্ষণের জন্য বিরতি নেওয়া প্রয়োজন। ঘরের বাইরে গিয়ে কিছুটা হাঁটা, বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখা বা সূর্যের আলো উপভোগ করা মনকে সতেজ করে। এমনকি কয়েক মিনিটের বিরতিও কর্মক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    সময়মতো খাবার খাওয়া

    কাজের চাপে অনেকেই খাবারের সময় পিছিয়ে দেন বা কখনো কখনো খাবারই বাদ দেন। কিন্তু এটি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শরীর সুস্থ রাখতে নিয়মিত ও সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি।

    প্রতিদিন নির্দিষ্ট সময়ে সকালের নাসতা, দুপুরের খাবার এবং রাতের খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। পর্যাপ্ত পানি পান করুন এবং অতিরিক্ত চা-কফির ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করুন। সঠিক খাদ্যাভ্যাস শরীরকে শক্তি জোগানোর পাশাপাশি মানসিক চাপও কমাতে সাহায্য করে।

    নিজের জন্য কিছু সময় রাখা

    পরিবার ও কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছু সময় বের করা প্রয়োজন। বই পড়া, গান শোনা, প্রিয় কোনো শখের কাজ করা কিংবা কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দেয়।

    অনেক নারী মনে করেন নিজের জন্য সময় দেওয়া মানে দায়িত্ব এড়িয়ে চলা। কিন্তু বাস্তবে নিজের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা পরিবারের জন্যও গুরুত্বপূর্ণ। আপনি ভালো থাকলে আপনার কাজ ও সম্পর্ক দুটিই ভালো থাকবে।

    ছুটির পরিকল্পনা করা

    একঘেয়ে রুটিন থেকে বের হয়ে আসার জন্য মাঝে মাঝে ছোট বিরতির প্রয়োজন হয়। তাই সুযোগ পেলেই ছুটির পরিকল্পনা করুন। পরিবারের সদস্যদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা কাছের কোনো পার্কে সময় কাটানোও মনকে ভালো রাখতে সাহায্য করে।

    আবহাওয়া অনুকূলে থাকলে ঘরে বসে না থেকে বাইরে কিছুটা সময় কাটান। খোলা বাতাস, সবুজ পরিবেশ এবং প্রকৃতির সংস্পর্শ মনকে সতেজ করে এবং নতুন উদ্যমে কাজ করার শক্তি জোগায়।

    কর্মজীবন ও পারিবারিক দায়িত্ব একসঙ্গে সামলানো সহজ নয়। সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করার চেয়ে নিজের সুস্থতা ও মানসিক শান্তি বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। ভারসাম্যপূর্ণ জীবনই আপনাকে কর্মক্ষেত্র ও পরিবারে সফল এবং সুখী থাকতে সাহায্য করবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়