জেড নিউজ ডেস্ক :
বিনোদন জগতের নানা আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা ঢালিউড চিত্রনায়িকা পরীমনি এবার মধ্যরাতে নতুন এক ঘোষণা দিয়ে ফের আলোচনার জন্ম দিয়েছেন। তবে তার এই পরবর্তী বিয়ের সিদ্ধান্তটি পুরোপুরি নির্ভর করছে লিওনেল মেসিদের ফুটবল দল আর্জেন্টিনার ওপর। পরীমনি জানিয়েছেন, ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি এবারও শিরোপা জিততে পারে, তবেই তিনি আবার বিয়ে করবেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ‘মহুয়া সুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, আর্জেন্টিনা কাপ জিতলে তিনি আবার একটি বিয়ে করবেন ফাইনাল। এই স্ট্যাটাসের সঙ্গে তিনি কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন।
পরীমনির এই ফেসবুক পোস্টের সময় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ক্রীড়ামোদি ও ভক্তদের সবারই জানা যে, চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। প্রিয় দলটির প্রতি ভালোবাসা থেকে এর আগে মেসিদের নিয়ে তৈরি গান দিয়ে তার বানানো একটি রিল সামাজিক যোগাযোগমাধ্যমে রেকর্ডসংখ্যক ভিউ পেয়েছে। এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে যাওয়ায় পরীমনির ইচ্ছের পারদ আরও তুঙ্গে উঠেছে। আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর ইংলিশ ফুটবলার হ্যারি কেইনের একটি ছবি পোস্ট করে পরীমনি রসিকতা করে লেখেন, হ্যারি কেইন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে। তবে মেসিরা কাপ জিতলে পরীমনি সত্যি আবার বিয়ে করবেন নাকি স্রেফ মজার ছলে এই পোস্ট দিয়েছেন, তা সময়ই বলে দেবে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরীমনি এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন, যার মধ্যে দুটি ছিল চলচ্চিত্রে আসার আগে। মাত্র চার বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরের ভান্ডারিয়ার নানাবাড়িতে বেড়ে ওঠেন এবং সেখানকার স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ে হয়, যা দুই বছর পর ভেঙে যায়। পরবর্তীতে ২০১২ সালের ২৮ এপ্রিল যশোরের কেশবপুরের বাসিন্দা ও পেশায় ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমনি। সৌরভের পরিবারের সম্মতিতেই তিনি অভিনয়ে এসেছিলেন এবং তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও তারা বহু আগে থেকেই আলাদা।
চলচ্চিত্রে আসার পর ২০২০ সালের এপ্রিলে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সম্পন্ন হলেও বিয়ের আগেই তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০২১ সালের মার্চে নাট্যকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে স্বল্প সময়ের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। তবে করোনাকালীন সময়ে হওয়া সেই সংসার তিন মাসও টেকেনি। রনির সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। ‘গুনিন’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের মাত্র এক সপ্তাহের মাথায় তারা বিয়ে করেছিলেন এবং ২০২২ সালের জানুয়ারিতে তা প্রকাশ্যে আনেন। এই দম্পতির ঘরে ২০২২ সালের আগস্টে পুত্রসন্তান জন্ম নেয়। তবে দাম্পত্য কলহের জেরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক ডিভোর্স হয়। বর্তমানে পুত্র শাহীম মোহাম্মদ রাজ্য এবং দত্তক নেওয়া কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে একক অভিভাবক হিসেবে জীবন কাটাচ্ছেন এই আলোচিত নায়িকা।





