জেড নিউজ, ঢাকা:
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে। রাজনৈতিক দল ‘এনডিএম-এর অভিযোগের প্রেক্ষিতে দলটির বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ তদন্ত শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। গুরুত্বের সঙ্গে অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই চলছে। খুব শিগগিরিই অভিযোগের ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবো।
রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আগেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং বলা যেতে পারে যে, এই মুহূর্তে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। পুরোদমে শুরু হলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর রয়েছে। তবে অভিযোগটি এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ করছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।
তিনি আরও বলেন, ‘চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। অনেকগুলো মামলার ট্রায়াল চলছে। বেশ কয়েকটি মামলার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অনেক বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে। ফরমাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি।’





