spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

অবশেষে ধরা পড়ল সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি

জেড নিউজ, ঢাকা:

শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও কথিত ‘দ্বিতীয় প্রধান’ তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মতিঝিল থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মতিঝিল থানা পুলিশ তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, টিটিপাড়া ও কমলাপুর এলাকায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে ইসমাইল হোসেনকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় করা মামলার তদন্তে তানিম রেজা বাপ্পির নাম উঠে এসেছে। এ ঘটনায় তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাপ্পির সঙ্গে শীর্ষ সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কৌশলে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বাপ্পি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমনকি সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আরও জানান, বিভিন্ন থানায় তানিম রেজা বাপ্পির নাম উল্লেখ করে অন্তত সাতটি মামলা রয়েছে। এর বাইরে আরও বেশ কিছু অপরাধের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

বিশেষ করে মতিঝিল, মগবাজার, মালিবাগ, কমলাপুর ও আশপাশের এলাকায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নাম জড়িত এমন বিভিন্ন অপরাধের ঘটনায় কোনো না কোনোভাবে তানিম রেজার সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়