জেড নিউজ ডেস্ক :
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’র অফিসিয়াল টিজার। প্রকাশিত টিজারটি ঘিরে এরইমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মঙ্গলবার রাতে টিজারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে শাকিব খান লেখেন, একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে। প্রায় এক মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে অন্য এক শাকিব খানকে আবিষ্কার করা গেছে। ভিন্ন ও আগ্রাসী লুকে নজর কেড়েছেন তিনি।
কনসার্টের উন্মাদনা, পারফরম্যান্স আর অ্যাকশন দৃশ্য- সবমিলিয়ে টিজারে তার উপস্থিতি প্রশংসিত হচ্ছে। ধারণা করা যাচ্ছে, সিনেমাটি একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার। যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হবে। গান, অ্যাকশন ও বিনোদনের মিশেলে ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসছে সিনেমাটি। টিজারের শেষ অংশে একটি বার্তায় বলা হয়েছে, এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন। এতে বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান।
‘রকস্টার’র মাধ্যমে দ্বিতীয়বার শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূর। টিজারে একটি দৃশ্যে দেখা গেছে তাকে। এর আগে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ছবিতে তাদের রসায়ন দর্শকদের আলোড়িত করেছে। ছবিটির গল্প তুমুল জনপ্রিয় একজন সংগীত তারকাকে নিয়ে। সে মা-বাবার বখে যাওয়া সন্তান। তার পথচলায় রয়েছে উত্থান-পতন, প্রেম, মাদকের বেড়াজাল। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘রকস্টার’। প্রযোজনা প্রতিষ্ঠান সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে এটি পরিচালনা করেছেন আজমান রুশো। ছবিটির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু ও নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু।



