spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সন্তানকে নেককার বানাতে ঘরে ইবাদতের স্থান থাকা জরুরি

জেড নিউজ ডেস্ক : 

শিশুর মন-মানসিকতা, চিন্তাভাবনা ও জীবনাচার গঠনে পারিবারিক পরিবেশের প্রভাব অপরিসীম। একটি শিশুর শিক্ষার হাতেখড়ি হয় মায়ের কোল থেকে, আর তার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রথম পাঠ শুরু হয় পরিবারের পরিবেশে।

ঘরের বড়দের আচার-আচরণ, ইবাদত-বন্দেগি ও জীবনযাপনের ধরন শিশুর কোমল মনে গভীরভাবে ছাপ ফেলে।
তাই প্রতিটি মুসলিম পরিবারের ঘরে নামাজ ও ইবাদতের জন্য একটি নির্দিষ্ট স্থান থাকা অত্যন্ত প্রয়োজন। যাতে করে কোনো আনুষ্ঠানিক পাঠ ছাড়াই পারিবারিক পরিবেশের মাধ্যমে শিশুরা দ্বীনি শিক্ষায় অভ্যস্ত হয়ে উঠতে পারে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ঘরে ঘরে ও পাড়া-মহল্লায় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং সেগুলো পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন।

(সুনানে আবু দাউদ, হাদিস : ৪৫৫)
ঘরে নির্দিষ্ট স্থানে নামাজ আদায়ের বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর আমলেও ছিল। হজরত আবদুল্লাহ ইবনে শাদ্দাদ (রা.) বর্ণনা করেন, তিনি তাঁর খালা ও রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী মাইমুনা (রা.)-এর কাছে শুনেছেন, তিনি হায়েজ অবস্থায় নামাজ আদায় করতেন না। তখন তিনি রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের স্থানের সামনে শুয়ে থাকতেন। আর রাসুলুল্লাহ (সা.) তাঁর চাটাইয়ের ওপর নামাজ আদায় করতেন।

সিজদা করার সময় তাঁর কাপড়ের কিছু অংশ মাইমুনা (রা.)-এর শরীরে স্পর্শ করত। (সহিহ বুখারি, হাদিস : ৩৩৩)
হাদিসের ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, এখানে নামাজের স্থান বলতে ঘরের মধ্যে নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান বোঝানো হয়েছে। (ফাতহুল বারি, ১/৫৫০)

ঘরে এমন একটি ইবাদতের স্থান থাকার আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হলো, তা পরিবারের সদস্যদের পাশাপাশি আগত অতিথিদেরও নামাজের প্রতি উৎসাহিত করতে পারে। অনেক সময় বাড়িতে এমন অতিথি আসেন, যাঁরা নিয়মিত নামাজ আদায়ে অভ্যস্ত নন। ঘরের নির্দিষ্ট স্থানে নামাজের সুন্দর পরিবেশ ও ইবাদতের আয়োজন দেখে তাঁরাও নামাজ আদায়ে অনুপ্রাণিত হতে পারেন।

এভাবে একটি ছোট্ট উদ্যোগও অন্যের দ্বীনি জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সাহাবায়ে কেরামের জীবনেও ঘরে নামাজের স্থান নির্ধারণের বিশেষ গুরুত্ব লক্ষ করা যায়। হজরত মাহমুদ ইবনে রাবি (রা.) থেকে বর্ণিত, হজরত ইতবান ইবনে মালিক আনসারি (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে বললেন, তাঁর দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে এবং বাড়ি থেকে গোত্রের মসজিদে যেতে পথের পানি তাঁর জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তাই তিনি চাইলেন, রাসুলুল্লাহ (সা.) যেন তাঁর বাড়িতে এসে কোনো একটি স্থানে নামাজ আদায় করেন, যাতে তিনি সেই স্থানটিকে নিজের নামাজের জায়গা হিসেবে নির্ধারণ করতে পারেন।

রাসুলুল্লাহ (সা.) তাঁর এ আবেদনে সম্মতি দিলেন। পরে একদিন আবু বকর (রা.)-কে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে উপস্থিত হলেন। ঘরে প্রবেশ করে তিনি ইতবান (রা.)-কে জিজ্ঞাসা করলেন, ঘরের কোন জায়গায় তিনি চান যে রাসুলুল্লাহ (সা.) নামাজ আদায় করুন? ইতবান (রা.) একটি জায়গা দেখিয়ে দিলেন। এরপর রাসুলুল্লাহ (সা.) সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন এবং সাহাবিরা তাঁর পেছনে জামাতে নামাজ পড়লেন। (সহিহ বুখারি, হাদিস : ৮৪০)

এই ঘটনা থেকে বোঝা যায়, ঘরের মধ্যে নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট স্থান রাখা সাহাবায়ে কেরামের কাছেও গুরুত্বপূর্ণ ছিল। এমনকি তাঁরা ঘরের পরিবেশকেও ইবাদতবান্ধব করে তুলতে সচেষ্ট ছিলেন।

বিশেষ করে শিশুদের দ্বীনি শিক্ষা ও নামাজের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ঘরোয়া ইবাদতের স্থান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরা অনেকেই ছেলেশিশুদের মসজিদে সঙ্গে নিয়ে যাই, কিন্তু মেয়েশিশুদের ক্ষেত্রে সব সময় এমন সুযোগ তৈরি হয় না। ঘরে নির্দিষ্ট নামাজের স্থান থাকলে ছেলে ও মেয়ে উভয় শিশুই সেখানে নামাজ পড়ার অনুশীলন করতে পারবে। মা-বাবাকে নামাজ পড়তে দেখে তারাও পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে চাইবে। এভাবে ছোটবেলা থেকেই তাদের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা ও ইবাদতের অভ্যাস গড়ে উঠবে।

সুতরাং প্রতিটি মুসলিম পরিবারের উচিত, সামর্থ্য ও সুযোগ অনুযায়ী ঘরে নামাজ ও ইবাদতের জন্য একটি পরিচ্ছন্ন, নিরিবিলি ও সুশৃঙ্খল স্থান নির্ধারণ করা। কেননা এটি পরবর্তী প্রজন্মের মধ্যে দ্বীনি মূল্যবোধ ও আল্লাহমুখী জীবন গড়ে তোলার একটি সুন্দর মাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়