spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডাবের পানি পান করলে কিডনির কী উপকার হয়, কারা এড়িয়ে চলবেন?

জেড নিউজ, ঢাকা:

ডাবের পানি কিডনি পরিষ্কার করে না কিংবা কিডনির রোগের চিকিৎসা হিসেবেও কাজ করে না। তবে এটি শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা করতে পারে, যা কিডনির স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। ডাবের পানি পান করা উপকারী হবে কি না, তা নির্ভর করে কিডনির কার্যক্ষমতা, রক্তে পটাশিয়ামের মাত্রা, ওষুধ সেবন এবং সামগ্রিক শারীরিক অবস্থার ওপর।

ডাবের পানি শরীরের পানির ঘাটতি পূরণে সহায়তা করে

শরীরের পানির চাহিদা পূরণে ডাবের পানি সহায়ক হতে পারে। বিশেষ করে সাধারণ পানি পান করতে ভালো না লাগলে এটি বেশি তরল পান করতে উৎসাহিত করে। পর্যাপ্ত পানি কিডনির যেসব উপকার করে, সেগুলো হলো-

প্রস্রাবের মাধ্যমে ব্যাকটেরিয়া বের করে মূত্রনালির সংক্রমণের ঝুঁকি কমায়।
প্রস্রাব পাতলা রাখে, ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমতে পারে।
কিডনির ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে।
কিডনিতে রক্তপ্রবাহ স্বাভাবিক রেখে বর্জ্য পদার্থ ছেঁকে বের করতে সাহায্য করে।

ডাবের পানিতে থাকা ইলেকট্রোলাইট শরীরের তরলের ভারসাম্য বজায় রাখে। অতিরিক্ত ঘাম, বমি, ডায়রিয়া বা কঠোর ব্যায়ামের পর ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণেও এটি সহায়ক হতে পারে। তবে বেশি ইলেকট্রোলাইট মানেই বেশি উপকার নয়।

ডাবের পানি কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে পারে

কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো পর্যাপ্ত তরল পান করা। এতে প্রস্রাব পাতলা থাকে এবং ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থ জমে পাথর তৈরির আশঙ্কা কমে।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ডাবের পানি প্রস্রাবে সাইট্রেটের মাত্রা বাড়াতে পারে। সাইট্রেট ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কিছু ধরনের পাথর তৈরির ঝুঁকি কমাতে সাহায্য করে।

ডাবের পানিতে সরাসরি সাইট্রেটের পরিমাণ বেশি না থাকলেও এর ক্ষারীয় বৈশিষ্ট্য শরীরকে বেশি সাইট্রেট তৈরি করতে উৎসাহিত করতে পারে বলে গবেষকদের ধারণা।

তবে এ বিষয়ে গবেষণা এখনো সীমিত। গবেষণাগুলো ছোট পরিসরে ও স্বল্পমেয়াদে করা হয়েছে। এতে মূলত প্রস্রাবের উপাদানের পরিবর্তন দেখা হয়েছে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি নয়। তাই পাথর প্রতিরোধে ডাবের পানির কার্যকারিতা নিশ্চিত হতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন।

কারা ডাবের পানি পান করা এড়িয়ে চলবেন বা কমাবেন?

ডাবের পানি পানের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ হলো এতে থাকা পটাশিয়াম। বিশেষ করে কিডনির রোগ থাকলে এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

পটাশিয়াম স্নায়ু, পেশি ও হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যক্রমে সাহায্য করে। সুস্থ কিডনি প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত পটাশিয়াম বের করে দেয়। কিন্তু কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে পটাশিয়াম জমতে পারে। এ অবস্থাকে হাইপারক্যালেমিয়া বলে। এতে হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

কিডনির রোগ হাইপারক্যালেমিয়ার অন্যতম সাধারণ কারণ। তবে কিডনির রোগ থাকলেই পটাশিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, এমন নয়। অনেকের ক্ষেত্রে রক্তে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক বা কমও থাকতে পারে। সাধারণ খাবারের তুলনায় অতিরিক্ত পটাশিয়াম সাপ্লিমেন্ট গ্রহণে এ সমস্যা হওয়ার আশঙ্কা বেশি।

যাদের ডাবের পানি পানে সতর্ক থাকা প্রয়োজন-

রক্তে আগে থেকেই পটাশিয়ামের মাত্রা বেশি থাকলে।
ডায়ালাইসিস করালে।
হঠাৎ কিডনির কার্যক্ষমতা কমে গেলে বা অ্যাকিউট কিডনি ইনজুরি হলে।
কিডনির রোগের পাশাপাশি ডায়াবেটিস, হৃদ্‌রোগ বা উচ্চ রক্তচাপ থাকলে।
দীর্ঘমেয়াদি কিডনি রোগের তৃতীয় থেকে পঞ্চম পর্যায়ে থাকলে।
এসিই ইনহিবিটর, এআরবি, পটাশিয়াম-স্পেয়ারিং ডাইইউরেটিকস বা স্টেরয়ডাল মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্টজাতীয় ওষুধ সেবন করলে।
পটাশিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করলে।
পটাশিয়াম ক্লোরাইডযুক্ত লবণের বিকল্প ব্যবহার করলে।
অ্যাডিসনস রোগ থাকলে।

ডাবের পানি পান করে গুরুতর হাইপারক্যালেমিয়া হওয়ার ঘটনা বিরল। তবে অতিরিক্ত পরিমাণে ডাবের পানি পানের পর এমন সমস্যা হওয়ার ঘটনাও নথিভুক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়