জেড নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে স্বাভাবিক বাদামি-কালো রঙের পরিবর্তে অস্বাভাবিক ধোঁয়াটে সাদা রঙের পালকযুক্ত একটি বিরল বন্য টার্কি ক্যামেরায় ধরা পড়েছে। পাখিটির এ ব্যতিক্রমী ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল দেখা দেয়। এ বিষয়ে উইসকনসিন ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস মজার ছলে মন্তব্য করেছে যে, এটি কেবলই একটি ‘ফেজ’- অর্থাৎ জীববিজ্ঞানের ভাষায় ‘কালার ফেজ’। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, পাখিটির এই বিরল রূপের পেছনে জিনগত কারণ রয়েছে।
ছবিতে দেখা যাওয়া টার্কিটি মূলত ‘স্মোক-ফেজ’ বা ধোঁয়াটে রঙের বৈচিত্র্যের উদাহরণ। জিনগত মিউটেশন বা প্রচ্ছন্ন জিনের প্রভাবে পালকে স্বাভাবিক বাদামি রঞ্জক পদার্থ তৈরি না হওয়ায় এদের শরীর ধোঁয়াটে ধূসর বা সাদাটে দেখায়। প্রকৃতিতে প্রতি ১০০টি বন্য টার্কির মধ্যে গড়ে মাত্র একটিতে এমন রঙের বৈচিত্র্য দেখা যায়। মজার বিষয় হলো, এ ধরনের স্মোক-ফেজ টার্কির প্রায় ৯৫ শতাংশই হয়ে থাকে স্ত্রী পাখি বা হেন। সূত্র : ইউপি।





