জেড নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি রপ্তানিসংশ্লিষ্ট কিছু নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দেওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিনিয়োগকারীরা তাঁর নির্বাহী আদেশের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করার সময় তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট বা ০.৪৫ শতাংশ কমে ১০৯ দশমিক ০৬ ডলারে দাঁড়ায়।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের নভেম্বর সরবরাহের ফিউচার মূল্য ০.৩৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩২ ডলারে নেমে আসে। মঙ্গলবার এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ডিসেম্বর সরবরাহের জন্য ডব্লিউটিআইয়ের দামও ৪৬ সেন্ট বা ০.৪৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়।
গত শুক্রবার রাতে ট্রাম্প রাশিয়াসংশ্লিষ্ট কয়েকটি নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে রাশিয়ার পণ্য এবং দেশটির তেল-গ্যাস কেনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু শাস্তিমূলক ব্যবস্থাও রয়েছে। তবে সিদ্ধান্তটির চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এর প্রভাব মূল্যায়নে প্রশাসনের আরও সময় প্রয়োজন।
এর আগের লেনদেনের দিন ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৭০ ডলারে উঠেছিল, যা ২০ মে-এর পর সর্বোচ্চ। রুশ জ্বালানি রপ্তানিতে ছাড়ের ফলে সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশা বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে।
তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সউদী আরব এবং ইয়েমেনকে ঘিরে হামলার ঘটনায় তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে রাশিয়ার জ্বালানি রপ্তানিতে ছাড়ের সম্ভাব্য প্রভাবের পাশাপাশি সরবরাহসংক্রান্ত ঝুঁকিও পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।





