জেড নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সরকার সকলের পাশে আছে।
শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। তাই মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি এ সময় জেলার তিনটি ব্রিজ নির্মাণ ও একটি আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস দেন। তিনি চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।





