spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

একাদশে ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন, এক ধাপেই আবেদনের পরিকল্পনা

জেড নিউজ, ঢাকা:

একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় এবার বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্ভাব্য নতুন নিয়মে আগের মতো তিন ধাপে নয়, প্রথম পর্যায়েই এক ধাপে অনলাইনে আবেদন নেওয়া হতে পারে। একই সঙ্গে প্রথম ধাপে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগ না রাখার পরিকল্পনা করা হয়েছে।

দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করে সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরুর লক্ষ্য নিয়ে এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন নিয়ম ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

রবিবার (১৬ আগস্ট) একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি নতুন নীতিমালা তৈরির কাজ করছে।

সম্ভাব্য নিয়ম অনুযায়ী, প্রথম ধাপেই শিক্ষার্থীরা জিপিএর ভিত্তিতে পছন্দের কলেজ নির্বাচন করবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবে। আবেদন ফি আগের মতো ১৫০ টাকা রাখার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে কলেজে ভর্তি হয়ে গেলে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

তবে পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থী, প্রথম ধাপে আবেদন করতে না পারা, কোনো কলেজে স্থান না পাওয়া কিংবা ভর্তি নিশ্চায়ন না করা শিক্ষার্থীদের জন্য পরবর্তী সময়ে আবার আবেদনের সুযোগ রাখা হতে পারে। পুনর্নিরীক্ষার ফলে যাদের ফল পরিবর্তন হবে, তাদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ দিতে প্রয়োজন অনুযায়ী আসনসংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। নতুন কলেজে ভর্তি হলে আগের কলেজকে ভর্তির পুরো টাকা ফেরত দিতে হবে।

ভর্তির সময়সূচিও এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইন আবেদন শুরু করে মাসের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করার সম্ভাবনা রয়েছে। এরপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে একাদশের ক্লাস শুরু করার লক্ষ্য রয়েছে। পুনর্নিরীক্ষার ফলের কারণে কলেজ পরিবর্তন করা শিক্ষার্থীদের ১ অক্টোবরের মধ্যে ক্লাসে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে। দ্রুতই এটি চূড়ান্ত করা হতে পারে। এরপর শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা জারি করবে। তবে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে।

সংশ্লিষ্টরা জানান, একাদশ শ্রেণির ক্লাস একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও গত কয়েক বছর তা সম্ভব হয়নি। গত বছর এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর একাদশের ক্লাস শুরু হয়েছিল। এবার এসএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে ১০ আগস্ট। তাই ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে সেপ্টেম্বরেই ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এবার দ্রুত ভর্তি কার্যক্রম শুরুর আরেকটি কারণ হলো এসএসসির ফল পুনর্নিরীক্ষা। চলতি বছর প্রায় চার লাখ শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছে। পুনর্নিরীক্ষার ফল প্রকাশে দীর্ঘ সময় লাগতে পারে। সে ক্ষেত্রে ফলের জন্য অপেক্ষা করে ভর্তি শুরু করলে পুরো প্রক্রিয়া আরও পিছিয়ে যেতে পারে। তাই পুনর্নিরীক্ষার ফল প্রকাশের আগেই মূল ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা করা হচ্ছে।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছে। পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

দেশে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আসনের সংকট নেই। সাধারণ কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় সাড়ে ২৭ লাখ আসন রয়েছে। তবে রাজধানী ও বিভাগীয় শহরের নামিদামি কলেজগুলোতে শিক্ষার্থীদের আগ্রহ বেশি হওয়ায় এসব প্রতিষ্ঠানে ভর্তির প্রতিযোগিতা তুলনামূলক বেশি।

নতুন ভর্তি নীতিমালায় শেষ পর্যন্ত কী কী পরিবর্তন থাকবে, তা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও নীতিমালা জারির পরই নিশ্চিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়